হবিগঞ্জে হুইপ জি কে গউছের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এমপি’র নেতৃত্বে র্যালীটি বের করা হয়।
র্যালীতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নামে। ব্যানার, ফেস্টুন, এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা শহরজুড়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন।
র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ দেশের মানুষের অধিকার আদায়ের মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
সকল ষড়যন্ত্র ও স্বৈরাচারী শাসন ভেদ করে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত। আগামী দিনেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষায় হবিগঞ্জ জেলা বিএনপি সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।"
র্যালীতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়।

