post_top_ad

চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

নোয়াখালীর চাটখিলে আকিজ বশির গ্লাসের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চাটখিল পৌরসভার হালিমা দিঘির পাড়ের মাঝামাঝি ডিজে কমপ্লেক্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়।

চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট হিসেবে শোরুমটি পরিচালনা করবেন ডিজে গ্লাস অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী জাবেদ হোসেন রুবেল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্লাসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ সুফি, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সর্দার আলম সুনীল, আকিজ বশির গ্লাসের রিজিওনাল ম্যানেজার মাহাবুব রানা এবং রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ জাবের চৌধুরী।

অনুষ্ঠানে আকিজ বশির গ্লাসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ সুফি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে গুণগতমান ও আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকিজ বশির গ্লাস বাংলাদেশের বৃহৎ ও আধুনিক কাচ প্রস্তুতকারী কারখানাগুলোর একটি এবং এটি আকিজ বশির গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। গ্রাহকদের চাহিদা ও মানসম্মত পণ্যের নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

শোরুমের স্বত্বাধিকারী জাবেদ হোসেন রুবেল বলেন, আধুনিক ও রুচিশীল গ্রাহকদের স্বপ্নের বাড়ি সাজাতে মানসম্মত কাচের প্রয়োজন রয়েছে। আকিজ বশির গ্লাসের পণ্যের গুণগতমান ও বৈচিত্র্য সম্পর্কে জানতে এবং সরাসরি পণ্য দেখার জন্য তিনি চাটখিলবাসীকে শোরুমটি ভিজিট করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, চাটখিলের মানুষের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের গ্লাস ও সংশ্লিষ্ট পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

post_bottom_ad